মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী তিলাই ইউনিয়নের শূন্য থেকে এক বছর বয়সী নবজাতকদের বিনামূল্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) এ সময় প্রতিটি পরিবারের মাঝে উপহার সামগ্রী, এবং দুটি করে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
উদ্যোগটির উদ্দেশ্য ছিল— প্রত্যেক শিশুকে জন্মের পরপরই নাগরিক পরিচয়ের আওতায় আনা এবং জন্ম নিবন্ধনের মাধ্যমে সরকারি সেবাগুলো সহজলভ্য করা। একই সঙ্গে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব দীপ জন মিত্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন, ইউপি সদস্য ও মহিলা সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের পক্ষ থেকে এখন জন্ম নিবন্ধন একটি মৌলিক সেবা হিসেবে গণ্য করা হচ্ছে। প্রত্যেক শিশুর জন্মের সঙ্গে সঙ্গে নিবন্ধন সম্পন্ন করা হলে ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য, ও সামাজিক সুরক্ষায় সুবিধা পাবে।
এছাড়া ফলজ ও বনজ গাছ বিতরণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজ পৃথিবী গঠনের আহ্বান জানান অতিথিবৃন্দ। তারা বলেন, “একটি শিশুর জন্ম যেমন নতুন জীবনের সূচনা, তেমনি একটি গাছ রোপণ ভবিষ্যৎ প্রজন্মের জীবনের নিরাপত্তা।”
উদ্যোগটির মাধ্যমে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়েছে। উপস্থিত পরিবারগুলো বিনামূল্যে জন্ম নিবন্ধন পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

