ভূরুঙ্গামারী তিলাই ইউনিয়নে নদীর বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে


Hamar Kurigram প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২৫, ৩:৪৫ অপরাহ্ন /
ভূরুঙ্গামারী তিলাই ইউনিয়নে নদীর বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৩ নম্বর তিলাই ইউনিয়নের দুধকুমার নদের ভয়াবহ ভাঙন রোধে স্থায়ী নদী সুরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুধকুমার নদের পূর্বপাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে তিলাই ইউনিয়নের ১, ২ ও ৪ নম্বর ওয়ার্ডের শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য রাখেন তিলাই ইউনিয়ন বিএনপির সভাপতি ও ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আবুল কালাম আজাদ, আক্তারুজ্জামান, নুরুল ইসলাম, সাবেক সদস্য অহিল উদ্দিন, বর্তমান সদস্য ছোরাব আলী, ইউসুফ আলী ও কছির উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, “পানি উন্নয়ন বোর্ড যদি আরও প্রায় ৭৫০ মিটার এলাকায় নদী রক্ষা বাঁধ নির্মাণ করে, তবে তিলাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়কে ভয়াবহ নদীভাঙন থেকে রক্ষা করা সম্ভব হবে।”

তারা আরও জানান, গত দুই বছরে দুধকুমার নদীর ভাঙনে প্রায় ৫০ একর বসতভিটা ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এতে প্রায় ২০০টি পরিবার ভূমিহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে নদীভাঙনের কবলে আরও কয়েকটি গ্রাম বিলীন হয়ে যাবে এবং পুরো এলাকার ভৌগোলিক চিত্র পরিবর্তনের আশঙ্কা দেখা দিয়েছে।