Site icon হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীর সমস্যা সমাধানে ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন নবাগত ডিসি অন্নপূর্ণা দেবনাথ

মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথ ভূরুঙ্গামারী উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ভূরুঙ্গামারীর সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়নে নানা গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো এবং মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব প্রদান করা হয়।

মতবিনিময়ে সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা আরও উন্নত করা, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন এবং নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি চালুর দাবি জানানো হয়।

হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ বৃদ্ধি, রোগী সেবায় দ্রুততা ও আন্তরিকতা বাড়ানো এবং আধুনিক চিকিৎসা সুযোগ সম্প্রসারণের দাবি জানান বক্তারা।

কৃষি উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত বীজ ও সার সরবরাহ, কৃষকদের প্রশিক্ষণ, সেচব্যবস্থা উন্নয়ন এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতের বিষয়গুলো গুরুত্ব সহকারে উপস্থাপন করা হয়। বক্তারা বলেন, কৃষিই এলাকার অর্থনীতির প্রধান চালিকাশক্তি।

বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, যোগ্য শিক্ষক নিয়োগ, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা এবং ঝরে পড়া রোধে বিশেষ উদ্যোগ গ্রহণের দাবি করা হয়।

বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং ও তদারকির আহ্বান জানান বক্তারা।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন “জনগণের কল্যাণে প্রশাসন সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের যে সমস্যাগুলো তুলে ধরেছেন, সেগুলো সমাধানের জন্য পর্যায়ক্রমে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সকলের সহযোগিতায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত ভূরুঙ্গামারী গড়ে তোলা হবে।”

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে—এ ব্যাপারে তিনি সকল রাজনৈতিক দল ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন।

সভাটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র। এ সময় বক্তব্য রাখেন—
ভূরুঙ্গামারী সরকারি কলেজের অধ্যক্ষ খন্দকার সারওয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক জাকী আলা উদ্দিন মন্ডল, জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, জামায়াত নেতা আজিজুর রহমান সরকার স্বপন, ব্যবসায়ী কাজী গোলাম মোস্তফা, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ বাবুল আক্তার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান, জুলাই যোদ্ধা মোঃ মফিজুল ইসলাম, গণ অধিকার পরিষদের মোঃ ফরিদুল ইসলামসহ আরো অন্যান্য অতিথিবৃন্দ।

মতবিনিময় শেষে নবাগত ডিসি উপজেলা পরিষদ চত্বর প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। পরে তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং উপজেলার দুর্গম চরাঞ্চলের ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

Exit mobile version