ডেস্ক নিউজ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তার চেক তুলে দেন।
জেলা প্রশাসনের উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯৯ জন ব্যবসায়ীকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার সকালে ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০০টি দোকান পুড়ে যায়। এতে প্রায় ১৫ কোটি টাকার মালামাল ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইব্রাহীম, সাদ্দাম আলী ও ফরমান আলী জানান, আগুনে তাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে নগদ সহায়তার পাশাপাশি খাদ্য সহায়তাও প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। বিষয়টি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। সরকার ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”
চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জেলা পরিষদের প্রশাসক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।






