ডেস্ক নিউজ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, ঢাকা থেকে প্রাপ্ত এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৩০ জন অসচ্ছল ব্যক্তির প্রত্যেকের হাতে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ। সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শামছুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর মো. আজিজুর রহমান সরকার (স্বপন), ভূরুঙ্গামারী উপজেলা শাখার আমীর মো. আনোয়ার হোসেন, উপজেলা শাখার সেক্রেটারি মো. ফেরদৌস হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সমাজের অসচ্ছল ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের সমাজকল্যাণমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রকৃত উপকারভোগীদের কাছে এ ধরনের সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, অনুদানপ্রাপ্ত ৩০ জনের মধ্যে ১২ জন পুরুষ এবং ১৮ জন নারী রয়েছেন। ইউনিয়নভিত্তিক উপকারভোগীদের মধ্যে শিলখুড়ি ইউনিয়নের ১৫ জন, সোনাহাট ইউনিয়নের ৬ জন, তিলাই ইউনিয়নের ৬ জন এবং ভূরুঙ্গামারী ইউনিয়নের ৩ জন রয়েছেন।
অনুদানপ্রাপ্তরা সরকারের এই সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।






