হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে ১১ ফুটের গাঁজার গাছ উদ্ধার

ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযান চালিয়ে প্রায় ১১ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্স।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের কাজিয়ারচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ। এ সময় ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাজিয়ারচর গ্রামের কিসমত আলীর বাড়িতে অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি। পরে বাড়ির পাশে কিসমত আলীর ছেলে আব্দুল মতিনের বসতবাড়ি সংলগ্ন সুপারি বাগান থেকে গাঁজার গাছটি উদ্ধার করা হয়।

অভিযানকারী দলের দাবি, গাছটির উচ্চতা প্রায় ১১ ফুট এবং ওজন আনুমানিক ৫ কেজি। পরে গাছটি জব্দ করে ভূরুঙ্গামারী থানায় নেওয়া হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভূরুঙ্গামারী থানায় মামলা হয়েছে। তবে মামলায় কারও বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইউএনও অমৃত দেব নাথ জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গাঁজার গাছটি উদ্ধার করা হয়েছে।

Exit mobile version