
নিউজ ডেস্ক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পূর্ব বিরোধ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ‘দি নিউ চিত্র রেখা জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী গোপাল চন্দ্র প্রসাদ অভিযোগ করে জানান, হঠাৎ করে সুবল, তাপস, পরিমল, তরণীকান্ত, সন্তোষ, সমর, লক্ষণ, সুকুমারসহ অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তি তার দোকানে অতর্কিত হামলা চালায়। এসময় তারা দোকান ভাঙচুর করে এবং তার বড় ভাই কৃষ্ণ চন্দ্র প্রসাদকে মারধর করে।
তিনি আরও জানান, হামলাকারীরা দোকানে থাকা প্রায় ১২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৮ লাখ টাকা। পাশাপাশি ঘটনার প্রমাণ নষ্ট করতে দোকানের সিসিটিভি ক্যামেরার যন্ত্রপাতিও নিয়ে যায়। বিষয়টি ইতোমধ্যে থানায় জানানো হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভূরুঙ্গামারী জুয়েলার্স সমিতির সভাপতি ও হিন্দু কল্যাণ ফ্রন্টের থানা আহ্বায়ক মধু মোহন প্রসাদ বলেন, “একটি বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের কথা থাকলেও হঠাৎ এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার প্রতিবাদে উপজেলার সকল জুয়েলারি দোকান বন্ধ রাখা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”
দোকানের কর্মচারী আল-আমীন জানান, “প্রায় এক থেকে দেড়শ মানুষ এসে দোকানে হামলা চালায় এবং মালিকের বড় ভাইকে মারধর করে।”
অভিযুক্তদের একজন সন্তোষ কুমার রায় অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমরা কোনো হামলার সঙ্গে জড়িত নই। দোকান মালিকরাই নিজেরা ভাঙচুর করেছে।”
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
আপনার মতামত লিখুন :