হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন-এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রতিনিধি এম এ আব্দুল জলিল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, উপজেলা জামায়াতে ইসলামীর সূরা সদস্য ফেরদৌস হোসেন, বিএনপি প্রতিনিধি মাহফুজুর রহমান মামুন ব্যাপারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রুকনুজ্জামান, হেফাজতে ইসলাম বাংলাদেশের মুফতি সাদ বিন নিজাম এবং ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের এক শোকাবহ ও বেদনাবিধুর দিন। মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের ঠিক আগমুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর আলবদর-আলশামস বাহিনী পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান—শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, লেখক, গবেষকসহ বিশিষ্ট বুদ্ধিজীবীদের অপহরণ করে নির্মমভাবে হত্যা করে। জাতিকে মেধাশূন্য করার এই ঘৃণ্য ষড়যন্ত্রের মাধ্যমে তারা স্বাধীন বাংলাদেশকে দুর্বল করে দেওয়ার চেষ্টা চালায়।

বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। তাদের আদর্শ ও দেশপ্রেমকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি ইতিহাস বিকৃতি রোধ করে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

Exit mobile version