Site icon হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে রাশেদুজ্জামান হৃদয়ের মর্মান্তিক আত্মহত্যায় শোকের ছায়া

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে রাশেদুজ্জামান হৃদয় (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। মৃত হৃদয় উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাংলাবাজার (ছিট মহল) এলাকার মোঃ নাসির উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নাসির উদ্দিনের এক ছেলে ও এক মেয়ের মধ্যে হৃদয় একমাত্র ছেলে এবং এখনো অবিবাহিত ছিলেন। বাবা কৃষক ও মা গৃহিণীর সংসারে আর্থিক অনটনের মধ্যে তার জীবন কাটছিল। জানা গেছে সে ২০১৯ সালে এসএসসি পাস করেন এবং এইচএসসি পাস করে পড়ালেখা করছিলেন। এরই মধ্যে শনিবার (৪ অক্টোবর) দুপুরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন হৃদয়। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ পরিবারের কেউ জানাতে পারেনি।

এ বিষয়ে পাথরডুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর জানান, হৃদয়ের মৃত্যুর খবর গ্রাম পুলিশের মাধ্যমে থানায় জানানো হয়। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহ থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

হৃদয়ের অকাল মৃত্যুতে তার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাকে নিয়ে সকলে দোয়া প্রার্থনা করছেন।

Exit mobile version