হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে জনতার জাগরণ, জয়মনিরহাটে মানববন্ধন

ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী জয়মনিরহাট ইউনিয়নকে মাদকমুক্ত করার দাবিতে ব্যাপক মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় যুবসমাজ। বৃহস্পতিবার দুপুরে জয়মনিরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন প্রধান সড়কে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মাদকবিরোধী বার্তায় মুখর হয়ে ওঠে।

“মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর জীবন গড়ুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়মনিরহাট ইউনিয়ন যুব সমাজ ও জয়মনিরহাট সচেতন যুব সমাজের যৌথ উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।

কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ হাজারো মানুষ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপের দাবি জানান।

জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, উপজেলা বিএনপির অন্যতম সদস্য কাজী নিজাম উদ্দিন, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, জয়মনিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজিম উদ্দিন, জয়মনিরহাট মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. ফজলুল হক, ইউনিয়ন জামায়াতের আমির মিজানুর রহমান, ওলামা পরিষদের নেতা নজরুল ইসলাম, যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব এবং বণিক সমিতির নেতা শাহজালাল।

বক্তারা বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এর ফলে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে। মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদারের দাবি জানান তারা। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মানববন্ধনের সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্য সচিব এবং উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন। কর্মসূচি শেষে মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

Exit mobile version