
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাটি বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে পানিতে ডুবে এক ট্রাক্টর চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ডিপেরহাট–সড়ককাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক্টর চালকের নাম জাকির হোসেন (৩২)। তিনি পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের বাসিন্দা মোজাম উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন ট্রাক্টর চালক ছিলেন। নিহত জাকির হোসেন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার অকাল মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে জানান স্বজনরা।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে জাকির হোসেন একটি মাটি বোঝাই ট্রাক্টর নিয়ে ডিপেরহাট এলাকা থেকে সড়ককাটা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে ডিপেরহাট– সড়ককাটা সড়কের একটি বাঁকে পৌঁছালে হঠাৎ ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি পুকুরে উল্টে পড়ে। এ সময় ট্রাক্টরের সঙ্গে চালকও পানিতে পড়ে যান এবং ভারী মাটির চাপ ও ট্রাক্টরের নিচে চাপা পড়ে তিনি পানিতে ডুবে যান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন। তবে ততক্ষণে জাকির হোসেনের মৃত্যু হয়। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে নিজ বাড়িতে নেওয়া হয়।
পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় একজন ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে এলাকাবাসীর অভিযোগ, ডিপেরহাট–সড়ককাটা সড়কটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সড়কের পাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও প্রতিরোধক না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ অংশে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
আপনার মতামত লিখুন :