ভূরুঙ্গামারীতে মাটি খুঁড়তে গিয়ে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার


Hamar Kurigram প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৬, ৯:০৪ অপরাহ্ন /
ভূরুঙ্গামারীতে মাটি খুঁড়তে গিয়ে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

মোঃ মনিরুজ্জামান , ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাটি খননের সময় একটি মরিচাধরা অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড (মর্টারশেল) সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ অথবা ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময়কার হতে পারে।

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুল মান্নান মিয়ার জমিতে বুধবার (১ এপ্রিল) বিকেলে খাল খননের কাজ চলাকালে শ্রমিকরা মাটির নিচে একটি ধাতব বস্তু দেখতে পান। পরে সেটি হ্যান্ড গ্রেনেড বা মর্টারশেল সদৃশ মনে হলে তারা দ্রুত জমির মালিকের কাছে জমা দেন।

বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে জমির মালিক ভূরুঙ্গামারী থানা পুলিশকে অবহিত করলে, ওসি আজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধারকৃত বস্তুটির গায়ে ‘PGF’ লেখা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো অবিস্ফোরিত গ্রেনেড বা মর্টারশেল, যা দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়ে ছিল।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বস্তুটি বর্তমানে থানার হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে সেনাবাহিনী ও র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ দলকে অবহিত করা হয়েছে। তাদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৪টা পর্যন্ত বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ দল ভূরুঙ্গামারী থানায় পৌঁছেনি বলে নিশ্চিত করেছেন ওসি আজিম উদ্দিন।