Site icon হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে ব্র্যাকের স্বপ্ন সারথি দলের ২৫তম সেশন: বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরীদের উদ্যোগ

মোঃ মাইদুল ইসলাম ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারীর অষ্টমীরঘাট পাড়ের আজিজুল ইসলামের বাড়িতে ব্র্যাকের স্বপ্ন সারথি দলের ৩০ জন কিশোরী সদস্যের অংশগ্রহণে জীবন দক্ষতা বিষয়ক ২৫তম সেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে আয়োজিত এই সেশনের মূল লক্ষ্য ছিল “স্বপ্নের কথা বলতে চাই”।

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন ব্র্যাক কুড়িগ্রাম জেলার ব্যবস্থাপক সাইফুল ইসলাম। তিনি বলেন, “ব্র্যাকের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ, গরিব ও অসহায় মানুষের আইনি পরামর্শ প্রদান এবং প্রতি রবিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হয়।”

এ সেশনে ৩০ জন স্বপ্ন সারথি কিশোরী তাদের পিতা-মাতার উদ্দেশ্যে বাল্যবিবাহ প্রতিরোধ ও নিজেদের স্বপ্ন নিয়ে চিঠি লেখে। এসব চিঠি ব্র্যাকের কর্মকর্তা (SELP) হিতেশ কুমারের মাধ্যমে অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়া হবে।

ব্র্যাক কর্মকর্তা হিতেশ কুমার জানান, স্বপ্ন সারথিদের অভিভাবকদের নিয়ে পৃথক মিটিং করে এসব চিঠির বিষয়ে অবহিত করা হবে। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে জীবন দক্ষতা বিষয়ক কার্যক্রম পরিচালনার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি গঠনের ঘোষণা দেন জেলা ব্যবস্থাপক সাইফুল ইসলাম।

সেশনে উপস্থিত ছিলেন ব্র্যাক কর্মকর্তা হিতেশ কুমার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক মাইদুল ইসলাম এবং সিটি প্রেসক্লাবের সাংবাদিক রফিকুল ইসলাম প্রমুখ।

স্বপ্ন সারথি দলের কিশোরীদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান লাবনী আক্তার লিজা এবং সহ-আহ্বায়ক হিসেবে মনোনীত হন মোনালিসা আক্তার মিম ও জান্নাতি আক্তার বৃষ্টি। আলোচনার শেষে সভাপতি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Exit mobile version