
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি
৭ ফেব্রুয়ারি ‘বাংলা ইশারা ভাষা দিবস’। ২০২৬ সালে দিবসটির মূল প্রতিপাদ্য— ‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে ইশারা ভাষার গুরুত্ব, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং সমাজে তাদের অন্তর্ভুক্তি বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিসহ অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এ সময় হুইলচেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাৎ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আব্দুল আহাদ, উপজেলা আইসিটি অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ইশারা ভাষার প্রসার ও ব্যবহার নিশ্চিত করা গেলে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক ও রাষ্ট্রীয় অধিকার প্রতিষ্ঠা আরও সহজ হবে।
আপনার মতামত লিখুন :