হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৯১৮ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ, ব্যবসায়ী পলাতক

মোঃ মাইদুল ইসলাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পুলিশের অভিযানে ৯১৮ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়েছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যবসায়ী বলরাম চন্দ্র সাহা পালিয়ে যান। এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রোববার (২৮ জুন) দুপুর ১টা থেকে ২টার মধ্যে উপজেলার জামতলা মোড় এলাকায় বলরাম চন্দ্র সাহার গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে এবং এসআই হারুনর রশীদসহ পুলিশের একটি দল গোডাউনটিতে অভিযান চালায়। এ সময় বলরাম চন্দ্র সাহা বাড়ির পেছনের পথ দিয়ে পালিয়ে যান। পরে গোডাউন তল্লাশি করে ৯১৮ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, জব্দকৃত চালগুলো পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি ও ভোটহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। জব্দকৃত চালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

পুলিশ জানিয়েছে, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় বলরাম চন্দ্র সাহার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দ করা চাল আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হবে।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ভূরুঙ্গামারী উপজেলাকে মাদক ও চোরাচালানমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Exit mobile version