মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর ন্যক্কারজনক সন্ত্রাসী হামলা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসেবে রেজিস্ট্রেশন ও নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ।
এর ধারাবাহিকতায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় রেজিস্ট্রেশন, নাম্বারপ্লেট ও হেলমেটবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ভূরুঙ্গামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মোট ৫টি মোটরসাইকেল জব্দ করা হয় এবং আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের জরিমানা করা হয়।
তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অবৈধ মোটরসাইকেল চলাচল, সন্ত্রাসী তৎপরতা ও অপরাধ প্রতিরোধে এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান চলাকালে বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরে আসে। সাধারণ মানুষ পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আশ্বাস দেন।

