
মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহাদাৎ হোসেনের সঙ্গে উপজেলার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সার্বিক সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে আলোচনা সভায় বক্তারা ভূরুঙ্গামারী উপজেলার সার্বিক সমস্যা, সম্ভাবনা ও দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন চ্যালেঞ্জ তুলে ধরেন।
মাদক, গরুপাচার, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়নসহ স্থানীয় নানা ইস্যু আলোচনায় উঠে আসে। পাশাপাশি সীমান্তঘেঁষা এ উপজেলার অর্থনৈতিক সম্ভাবনা, শিক্ষার মানোন্নয়ন, যুব উন্নয়ন, পর্যটন সম্ভাবনা এবং সরকারি সেবার গতিশীলতা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা পেশ করা হয়।
মতবিনিময় সভায় বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলার আমির আজিজুর রহমান স্বপন, এনসিপির নেতা মাহফুজুল ইসলাম কিরণ, ভূরুঙ্গামারী থানার প্রতিনিধি এসআই হাবিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
নবযোগদানকৃত ইউএনও মোঃ শাহাদাৎ হোসেন উপস্থিত সবার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রাপ্ত পরামর্শগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, “ভূরুঙ্গামারীর সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। জনগণের সেবা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।”
সমন্বয় আরও শক্তিশালী হবে—বক্তারা
বক্তারা বলেন, এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় হবে এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন আরও সহজ হবে।
আপনার মতামত লিখুন :