হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে ধানবোঝাই ভটভটি উল্টে চালকের মৃত্যু

মোঃ মাইদুল ইসলাম । হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধানবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে আকবর আলী (৫৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের আসাদ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকবর আলী একই ইউনিয়নের কাঠগীর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শালজোড় ঘাটপাড় এলাকা থেকে ধানবোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি নিয়ে আসাদ মোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে ভটভটিটি সড়কের পাশের খাদে উল্টে যায়। এতে ধানের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ চালালেও আকবর আলীকে আর বাঁচানো সম্ভব হয়নি।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, শিলখুড়ি ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version