ভূরুঙ্গামারীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন


Hamar Kurigram প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৫, ১:০২ পূর্বাহ্ন /
ভূরুঙ্গামারীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি

“এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়”—এই স্লোগানকে ধারণ করে ভূরুঙ্গামারীতে শুরু হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫ (দ্বিতীয় পর্যায়) উপলক্ষে আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা। উপজেলা প্রশাসনের আয়োজনে ফুটবল, ব্যাডমিন্টন ও কাবাডি—এই তিনটি জনপ্রিয় খেলাকে কেন্দ্র করে সাজানো হয়েছে এ বছরের ক্রীড়া উৎসব।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে ভূরুঙ্গামারী সরকারি পাইলট হাই স্কুল মাঠে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপজন মিত্র।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, বিএনপি উপজেলা আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা ক্রীড়া কমিটির সদস্যবৃন্দ, সাবেক খেলোয়াড় ও বিভিন্ন গণমাধ্যমকর্মী।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও দীপজন মিত্র বলেন, “তারুণ্যকে সঠিক পথে অগ্রসর করতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ জাতি গঠনে খেলাধুলার প্রসারকে আরও শক্তিশালী ও বিস্তৃত করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় পাইকেরছড়া ইউনিয়ন ফুটবল দল এবং আন্ধারীঝার ইউনিয়ন ফুটবল দল। খেলা দেখতে মাঠে বিভিন্ন এলাকার দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অতিথিরা বলেন, এ ধরনের উদ্যোগ যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করবে এবং সামাজিক বন্ধন মজবুত করবে।