Site icon হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের পরিদর্শন: ভূমি অধিগ্রহণ ও স্থলবন্দর কার্যক্রমে গতি আনতে নির্দেশনা

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

 

কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ ৩১ অক্টোবর (শুক্রবার) ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ব্রিজ সংলগ্ন ভূমি অধিগ্রহণ কার্যক্রম পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশনা দেন। পরবর্তীতে জেলা প্রশাসক বঙ্গ সোনাহাট স্থলবন্দর পরিদর্শন করে বন্দর কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন এবং পণ্য আমদানি-রপ্তানি সংক্রান্ত বিভিন্ন দিক পরিদর্শন করেন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী (কুড়িগ্রাম) এবং স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা আমিনুল ইসলাম।

জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, “সোনাহাট স্থলবন্দর দেশের উত্তরাঞ্চলের বাণিজ্যিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই ভূমি অধিগ্রহণ, অবকাঠামো উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে সবাইকে আরও সমন্বিতভাবে কাজ করতে হবে।”

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, জেলা প্রশাসকের এই পরিদর্শনের ফলে চলমান উন্নয়ন কার্যক্রম ও বন্দর-সংক্রান্ত কাজের অগ্রগতি আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

Exit mobile version