ডেস্ক নিউজ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে নাচ-গান ও অনৈতিক কর্মকাণ্ডের উদ্দেশ্যে তরুণীকে ভাড়া করে আনার অভিযোগ উঠেছে। পরে ওই তরুণীকে আটকে রেখে কয়েকজন ব্যক্তি পালাক্রমে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় মোখলেছুর রহমান মিঠু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে উপজেলার নলেয়া রশিদ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় একটি চায়ের দোকানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে। গত ২৫ সেপ্টেম্বর সেখানে তিন তরুণীকে নাচ-গানসহ অনৈতিক কর্মকাণ্ডের জন্য ভাড়া করে আনা হয় বলে অভিযোগ।
পরে দুজন চলে গেলেও আরশি আক্তার নামের এক তরুণী সেখানে থেকে যান। অভিযোগ রয়েছে, তাকে আটকে রেখে ২৯ সেপ্টেম্বর থেকে সামাদের ঘাট এলাকার একটি কাশিয়া বাড়িতে কয়েকজন ব্যক্তি পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় তার কাছে থাকা ৫ হাজার ৬০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
পরে বাড়ি ফেরার মতো টাকা না থাকায় ওই তরুণী অভিযুক্তদের খুঁজতে নলেয়া রশিদ মোড় এলাকায় যান। সেখানে তাদের কাছে টাকা চাইলে তারা দিতে অস্বীকৃতি জানায়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে এবং অভিযুক্ত মোখলেছুর রহমান মিঠুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পুলিশের তথ্যমতে, এ ঘটনায় মোখলেছুর রহমান মিঠু ছাড়াও নাইনুল ইসলাম, লিটন মিয়া, আল আমিন ও ফুল মিয়া ওরফে ফুলবরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযোগের সত্যতা তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে নিশ্চিত হবে।
