Site icon হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে গভীর রাতে সরকারি ইউক্যালিপ্টাস গাছ কেটে নেওয়ার অভিযোগ, এলাকায় ক্ষোভ

ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সরকারি ইউক্যালিপ্টাস গাছ কেটে আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। ঘটনা ঘটে ১১ সেপ্টেম্বর গভীর রাতে, ভূরুঙ্গামারী মেডিকেল মোড় থেকে তিলাই ধামের হাটমুখী সরকারি পাকা সড়কের পাশে। অভিযুক্তরা সড়কের ধার ঘেঁষে, সাইফুর মেম্বারের বাড়ির সামনে থাকা গাছটি কেটে নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, পুরনো একটি ইউক্যালিপ্টাস গাছ রাতের অন্ধকারে করাত দিয়ে কেটে দ্রুত সরিয়ে নেয়া হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের মোফাজ্জল হোসেন (৪৫) ও তার ভাই নুর ইসলাম (৪২), ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের আংরিয়া গ্রামের জাকির হোসেন (৩৮), বাবলু (৪০) এবং হাফেজ (৪২)।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় জানান, গাছ কাটার সময় শব্দ শুনেও তারা প্রভাবশালী চক্রের ভয়ে সরাসরি বাধা দিতে পারেননি। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।

স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হলেও, ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া সত্ত্বেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য সাইফুর রহমান জানান, “ভোরে ঘুম থেকে উঠে দেখি আমার বাড়ির সামনে রাস্তার একটি সরকারি গাছ কেটে নেওয়া হয়েছে। পরে গ্রামবাসীর সহায়তায় খোঁজাখুঁজি করে দেখি গাছের তিনটি কাটা অংশ মোফাজ্জল হোসেনের বাড়ির বাইরে রাখা আছে।”

এ ঘটনায় স্থানীয়রা সরকারি সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

Exit mobile version