
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সবজি ও রবি ফসলের বীজ এবং সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে শাকসবজি বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল জব্বার।
অনুষ্ঠানে কৃষকদের উদ্বুদ্ধ করতে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা শরীফা জান্নাত। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সারোয়ার তৌহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রায়হান নবী, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হুদা, এবং সহকারী প্রোগ্রামার আশরাফুল আলম।
২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৪০০ জন কৃষককে এই সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ১৫০ জন কৃষকদের মঝে লাউ, বেগুন, পালংশাক, লালশাক, মটরশুঁটি, মুলা ও বাটিশাকের বীজ। অপরদিকে ২৫০ জন কৃষককে মিষ্টি কুমড়া, বেগুন, লাউ ও শসার বীজের পাশাপাশি ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়।
কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল জব্বার বলেন, “রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহারে কৃষকদের উৎসাহিত করতে হবে। এতে উৎপাদন যেমন বাড়বে, তেমনি খাবারের গুণগত মানও বজায় থাকবে। সরকারি এই প্রণোদনা গ্রামীণ অর্থনীতিতে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করছে।
তিনি আরও পরামর্শ দেন, “কোনভাবেই অর্থের আশায় প্রণোদনার বীজ ও সার বিক্রি করা যাবে না। এটি কৃষকদের উৎপাদন বৃদ্ধির জন্য, ব্যবসার জন্য নয়।
আপনার মতামত লিখুন :