Site icon হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে ওয়ারেন্টভুক্ত আসামি শাহিন ও সৈনিক জাহাঙ্গীরের বাবা-মা গ্রেফতার

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পৃথক দুই মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে সিআর ৩৪৫/২৪ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শাহিন আলম এবং আরেক মামলায় সৈনিক জাহাঙ্গীর আলমের বাবা-মা রয়েছেন।

পুলিশ জানায়, সিআর ৩৪৫/২৪ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহিন আলম (পিতা: মোঃ আজমত আলী), গ্রাম—ছাট গোপালপুর (৭নং ওয়ার্ড), শিলখুড়ি ইউনিয়নকে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়। ৪ মার্চ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিন আলমের বিরুদ্ধে পূর্বে এক বীর মুক্তিযোদ্ধার জমি প্রতারণার মাধ্যমে লিখে নিয়ে অবৈধভাবে দখলের অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে পৃথক কোনো মামলা বর্তমানে চলমান আছে কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের তালতলা গ্রামের বাসিন্দা শাহা আলী ও তার স্ত্রী জাহানারা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। তারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মোঃ জাহাঙ্গীর আলমের বাবা-মা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দক্ষিণ ফতেপুর গ্রামের বাসিন্দা মোছাঃ আসমা আক্তার অভিযোগ করেন, জাহাঙ্গীর আলম তাকে গোপনে বিয়ে করেন। গত ২২ ফেব্রুয়ারি তিনি স্বামীর বাড়িতে গেলে তাকে মারধর করা হয় এবং তার সাথে থাকা স্বর্ণের চেইন, নূপুর ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় ৩ মার্চ ২০২৬ তারিখে ভূরুঙ্গামারী থানায় মামলা (নং ০৩/২৬) দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৫৪, ৫০৬, ১০৯ ও ৩৪ ধারায় রুজু করা হয়েছে। উক্ত মামলায় শাহা আলী ও জাহানারা বেগমকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মোঃ আজিম উদ্দিন, অফিসার ইনচার্জ (ওসি), ভূরুঙ্গামারী থানা বলেন, “পৃথক দুই মামলায় তিনজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় ও আদালতের নির্দেশ বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version