
মো. মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন স্বায়ত্তশাসিত সংস্থা ‘রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট (RELIP)’ প্রকল্পের অংশ হিসেবে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজিত স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে আয়োজিত এ কর্মশালায় সরকারি প্রতিনিধি ও এসডিএফ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হোসাইন আল আমিন এবং আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য ও পুষ্টি) ডা. আবু রাহাত রোকুনুজ্জামান। স্বাগত বক্তব্য দেন এসডিএফ’র কুড়িগ্রাম জেলা ব্যবস্থাপক শহিদুল ইসলাম।
জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা (এসডিএফ) ডা. আবু রাইয়ান এর সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক। অনুষ্ঠানটির সার্বিক সহায়তায় ছিলেন ক্লাস্টার হেলথ অ্যান্ড নিউট্রিশন ফ্যাসিলিটেটর বায়েজিদ হোসাইন।
প্রধান অতিথি ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, “এসডিএফ নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ করছে। তাদের কার্যক্রমের পরিধি বাড়ানো গেলে সাধারণ মানুষ বিশেষ করে গর্ভবতী মায়েরা আরও বেশি স্বাস্থ্যসেবা পেতে পারে। স্বাস্থ্যপরামর্শ, নিয়মিত চেকআপ, ওষুধ বিতরণ এবং প্রসবকালীন জটিলতায় আর্থিক সহযোগিতা প্রদানে এসডিএফ এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
উল্লেখ্য, এসডিএফ ভূরুঙ্গামারী সদর ও জয়মনিরহাট ইউনিয়নের ২৫টি গ্রামে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, গ্রামীণ ক্ষুদ্র অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিকল্পিত অর্থনৈতিক কার্যক্রমে সম্পৃক্তকরণের মাধ্যমে টেকসই আর্থসামাজিক উন্নয়ন সাধনে কাজ করছে।
আপনার মতামত লিখুন :