Site icon হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে এলাকাবাসীর সন্দেহে চার নারী আটক

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এলাকাবাসীর সন্দেহে বগুড়া ও দিনাজপুরের চার নারীকে আটক করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের জনতা ব্যাংকের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক নারীরা হলেন— দিনাজপুরের হাকিমপুর থানার পালপাড়া গ্রামের শাকিবের স্ত্রী ইভা (১৯), ওয়াহেদ আলীর স্ত্রী রাশেদা (৫৫), বগুড়ার আদমদীঘি থানার শিয়ালনগর গ্রামের জামিলের স্ত্রী নাজমা (৩৫) এবং মমিনুরের স্ত্রী বিউটি বেগম (৩০)।

এলাকাবাসী জানায়, আটক নারীরা ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের সোনাতলী পুকুরের পশ্চিমে সাইদুরের বাড়িতে বেড়াতে আসেন। তাদের পরিচয় ও আগমনের উদ্দেশ্য জানতে চাইলে স্পষ্ট উত্তর না পাওয়ায় সন্দেহ হয়। পরে স্থানীয়রা তাদের ইউনিয়ন পরিষদের সদস্য রাশেদা পারভীনের বাড়িতে নিয়ে যায় এবং পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। তবে কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানায় পুলিশ। পরবর্তীতে এসআই মিতুর নেতৃত্বে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের বিরুদ্ধে ৫১ ধারায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।”

Exit mobile version