
ডেস্ক নিউজ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হাত ভেঙে যাওয়া অসহায় বৃদ্ধা রেজিয়া বেগম (৭০) চিকিৎসা সহায়তা পেয়েছেন উপজেলা প্রশাসনের কাছ থেকে। স্বামী ও একমাত্র সন্তান হারানো এই বৃদ্ধা বর্তমানে নতুনহাট এলাকায় বোনের বাসায় থাকেন।
জানা যায়, গতকাল সোনাহাট এলাকায় চলন্ত একটি সাইকেলের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে তার হাত ভেঙে যায়। পরে শিক্ষার্থী মো. শাকিল আহমেদসহ কয়েকজন উদ্যোগ নিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা ও প্লাস্টারের ব্যবস্থা করেন এবং আজ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
উন্নত চিকিৎসার জন্য তাকে কুড়িগ্রাম জেলা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ সময় তার চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষুদ্র আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বৃদ্ধা রেজিয়া বেগম উপজেলা প্রশাসনসহ সহায়তাকারীদের জন্য দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :