Site icon হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে আসহাবিছ ছুফফা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি কোরআন শিক্ষা কার্যক্রমে শিক্ষকদের সম্মানী প্রদান

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আসহাবিছ ছুফফা ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত ফ্রি কোরআন শিক্ষা কার্যক্রমে নিয়োজিত শিক্ষকদের মাঝে রমজান উপলক্ষে সম্মানী প্রদান করা হয়েছে।

সংগঠনটির উদ্যোগে শিশু ও বয়স্কদের জন্য সহীহ তিলাওয়াত, তাজবীদ ও মৌলিক দ্বীনি শিক্ষার ক্লাস চালু রয়েছে। মাস শেষে শিক্ষকদের সম্মানী প্রদান করা হয়। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা সালমান বিন মোস্তাক শিক্ষকদের হাতে সম্মানী তুলে দেন। অনুষ্ঠানে সংগঠনের দায়িত্বশীল মাহাদি হাসান শাকিলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে শিক্ষকদের সম্মানে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের এ আয়োজনে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে প্রথম মাসের সম্মানী প্রদান করা হয়। আয়োজকরা জানান, এই সম্মানী তাদের ইলম, সময় ও খিদমতের তুলনায় সামান্য হলেও এটি আন্তরিকতার একটি প্রতীক।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, কোরআনের সঠিক শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ কার্যক্রম চালু করা হয়েছে। বর্তমানে দুটি প্রতিষ্ঠানে ৬০ জনের বেশি শিক্ষার্থী বিনামূল্যে কোরআন শিক্ষা গ্রহণ করছে এবং ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

উদ্যোক্তারা বলেন, এটি শুধু একটি কর্মসূচি নয়; বরং কোরআনের আলো সমাজের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার একটি প্রচেষ্টা। ভালো কাজ শুরু করতে অপেক্ষা নয়, বরং উদ্যোগ প্রয়োজন—এই বিশ্বাস থেকেই কার্যক্রমটি শুরু করা হয়েছে।

তারা আরও জানান, এ উদ্যোগকে টেকসই ও বিস্তৃত করতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় কিতাব সরবরাহ, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং নিয়মিত কার্যক্রম পরিচালনায় সহায়তার আহ্বান জানানো হয়েছে। সংগঠনটির মতে, এ ধরনের সহায়তা চলমান সাদাকায়ে জারিয়া হিসেবে বিবেচিত হতে পারে।

আসহাবিছ ছুফফা ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে দায়িত্বশীল ব্যক্তিরা হলেন, সভাপতি: মোঃ আমির হোসেন, সহ-সভাপতি: মোঃ কাজী নাঈম, মোঃ মোখলেসুর রহমান, মোঃ সামিউল ইসলাম, সাধারণ সম্পাদক: মাওলানা সালমান বিন মোস্তাক, সহ-সাধারণ সম্পাদক: মাওলানা তামিম হোসেন, মোঃ জাকারিয়া, কোষাধ্যক্ষ: মোঃ কামরুল ইসলাম (মামুন), সহ-কোষাধ্যক্ষ: মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক: মোঃ রাসেদুল ইসলাম, দপ্তর সম্পাদক: মোঃ আল আমিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: মাওলানা আলমগীর হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: মাওলানা জাকারিয়া জাহিদ, প্রচার সম্পাদক: মাওলানা হামিদুল ইসলাম।

Exit mobile version