মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামে একটি স্বতন্ত্র স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে ভূরুঙ্গামারী এন.ইউ. পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও দৈনিক ইনকিলাব পত্রিকার ভূরুঙ্গামারী প্রতিনিধি রফিকুল হাসান রনজু। সদস্য সচিব হিসেবে মনোনীত হন বীর মুক্তিযোদ্ধার সন্তান একেএম গোলাম কাদের রনি।
অাহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা সভায় অংশ নেন এবং সংগঠনটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন।
সবার সম্মতিতে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবনির্বাচিত আহ্বায়ক রফিকুল হাসান রনজু বলেন, “মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ একটি নির্দলীয় সংগঠন। মুক্তিযোদ্ধাদের সন্তানের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করা এবং দেশের উন্নয়নে আত্মনিয়োগ করাই আমাদের প্রধান লক্ষ্য। সেই সঙ্গে জীবিত মুক্তিযোদ্ধাদের উপযুক্ত সম্মান নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”

