
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামে সাগর আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, হঠাৎ বাড়িতে আগুন ধরে মুহূর্তের মধ্যেই চারপাশে ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে এসে পার্শ্ববর্তী পুকুর থেকে পানি এনে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের তীব্রতায় ঘরের ভেতর থেকে কোনো আসবাবপত্র বের করা সম্ভব হয়নি। কেবল গোয়ালঘরের একটি গরু বাঁচানো গেছে।
ক্ষতিগ্রস্ত গৃহকর্তা সাগর আলী নলকূপ স্থাপন করে জীবিকা নির্বাহ করেন। তিনি অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, “হঠাৎ আগুনে আমার সবকিছু শেষ হয়ে গেল। চোখের সামনে স্বপ্নের বাড়ি ভস্মীভূত হলো। ঘরে থাকা ধান, চালসহ যাবতীয় জিনিসপত্র, এমনকি ছেলের শখের মোটরসাইকেলটিও পুড়ে গেছে। আমার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
এ সময় তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রায় ৫০ হাত সেমি-পাকা ঘর ছাড়া বাকি সব পুড়ে গেছে। আগুন লাগার সম্ভাব্য কারণ হিসেবে তিনি উল্লেখ করেন— ঘরের ভেতরে রাখা পাটকাঠিতে আগুন ধরে, পরে গ্যাস সিলিন্ডার ও মোটরসাইকেলের পেট্রোল বিস্ফোরিত হয়ে আগুন আরও ভয়াবহ রূপ নেয়। তিনি উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রায় ৫ লাখ টাকার ক্ষতির রিপোর্ট পাঠিয়েছেন।
এ ঘটনায় এলাকাবাসী, দ্রুত ভূরুঙ্গামারীতে ফায়ার সার্ভিস স্টেশন চালুর দাবি জানান।
আপনার মতামত লিখুন :