ভূমিহীন,নিঃসন্তান,সুরুবালা অসহায় নারী’রপাশে ইউএনও সহায়তা


Hamar Kurigram প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৫, ৭:৪৬ অপরাহ্ন /
ভূমিহীন,নিঃসন্তান,সুরুবালা অসহায় নারী’রপাশে ইউএনও সহায়তা

রতন রায় ।। রাজারহাট

কুড়িগ্রামের রাজারহাটে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল-ইমরান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। ভূমিহীন, স্বামীহীন ও সন্তানহীন এক অসহায় নারী সুরুবালা রানীর (৫৫) জীবনে তারা এনেছেন আশার আলো। বুধবার দুপুরে তারা সুরুবালার হাতে তুলে দেন জরুরি খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র।

সোমনারায়ন গ্রামের মৃত রাজমোহনের মেয়ে সুরুবালা রানী নিঃস্ব। নিজের তিল পরিমাণ জমি-জায়গাও নেই। গত দুই বছরেরও বেশি সময় ধরে তিনি তার বড় বোন ফুলমালার (৪৫) বাড়িতে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছেন। জীবনের প্রতি ধাক্কায় নিঃশেষ হয়ে পড়া এই নারীকে সহায়তার হাত বাড়িয়েছে স্থানীয় প্রশাসন।

২ নভেম্বর, স্থানীয় পত্রিকায় প্রকাশিত একটি সংবাদে সুরুবালার দুঃখ-দুর্দশার কথা জানতে পারেন ইউএনও মোঃ আল-ইমরান। তিনি সঙ্গে সঙ্গেই তাকে সাহায্যের ব্যবস্থা করতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানকে নির্দেশ দেন। এরই ফলশ্রুতিতে আজ একটি মানবিক সহায়তা কার্যক্রমের আয়োজন করা হয়।

এদিন সুরুবালার হাতে চাল, ডাল, খাবার তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং শীতের কাপড় তুলে দেন ইউএনও ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এ সময় সুরুবালার চোখে-মুখে দেখা দেয় স্বস্তির হাসি।

ইউএনও মোঃ আল-ইমরান বলেন, “উপজেলার যে কোনো দুস্থ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সুরুবালা রানীর মতো নাগরিকদের সেবায় আমরা সর্বদা প্রস্তুত। সমাজের সবাই এগিয়ে এলে এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব।”

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, “স্থানীয় সাংবাদিকতার মাধ্যমে সুরুবালার কষ্টের কথা জানতে পেরে আমরা তাকে সহায়তা করতে পেরে আনন্দিত। প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও তার পাশে থাকার চেষ্টা করা হবে।”

এ সময় মুভি বাংলা টেলিভিশনের প্রতিনিধি আকবর আলী, স্থানীয় ইউনিয়ন সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ঘটনায় এলাকাবাসী প্রশাসনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তারা বলছেন, ইউএনও ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার এমন কাজ সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছে।