মোঃ সুন্নাতুল ইসলাম নিরব । ভুরুঙ্গামারী
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ঐতিহ্যবাহী সুপারি হাট এখন জমজমাট। প্রায় ছয় মাসব্যাপী চলা এ হাটে প্রতি হাটবারে প্রায় এক হাজার বস্তা সুপারি আমদানি ও রপ্তানি হয়, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভুরুঙ্গামারী উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা ও জেলা থেকেও অসংখ্য ক্রেতা-বিক্রেতা এ হাটে সুপারি ক্রয়-বিক্রয়ের জন্য আসেন। দীর্ঘদিনের এ ঐতিহ্যবাহী হাটটি এলাকাবাসীর জীবিকা ও ব্যবসা-বাণিজ্যের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত।
ব্যবসায়ীরা জানান, গত বছরের তুলনায় চলতি মৌসুমে সুপারির দাম কিছুটা বেড়েছে। তবে উৎপাদন বেশি হওয়ায় পাইকাররা তুলনামূলক কম দামে সুপারি বিক্রি করছেন বলে দাবি করেন। দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
বর্তমানে হাটটির ইজারাদার হিসেবে দায়িত্ব পালন করছে ভুরুঙ্গামারী বহুমুখী সুপারি সমিতি। সমিতির তত্ত্বাবধানে হাটের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
হাট সংশ্লিষ্টদের মতে, এ হাট থেকে সংগৃহীত সুপারি ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। মৌসুমজুড়ে ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর থাকা এই হাট স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করছে।
