
নাগেশ্বরী প্রতিনিধি
ভালোবাসার উষ্ণতায় মুছে যাক শীতের তীব্রতা, এই প্রত্যয়ে উষ্ণতা ছড়িয়ে নতুন বছরকে বরণ করে নিতে দেশব্যাপী শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস। দুর্যোগে কিংবা যে কোনো মানবিক প্রয়োজনে সবার আগে সেবাদানে অগ্রণী ভূমিকা পালনকারী গ্রীন ভয়েসের উপটিম “পরশ”-এর উদ্যোগে এই মানবিক কার্যক্রম বাস্তবায়িত হয়।
শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) গ্রীন ভয়েস (পরিবেশবাদী যুব সংগঠন) নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। কনকনে শীতের তীব্রতায় যখন নিম্নআয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, ঠিক তখনই এই উদ্যোগ তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তির ছোঁয়া এনে দেয়।
নাগেশ্বরী উপজেলা চত্বরে আয়োজিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মাইদুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী সুমন, প্রচার সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, পাঠচক্র বিষয়ক সম্পাদক মোঃ ইয়াছিন আলী এবং দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রহমান আবির উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ শেষে সভাপতির বক্তব্যে মাইদুল ইসলাম মামুন বলেন, নতুন বছরের শুরুতে আমরা দৃপ্ত শপথ নিয়েছি মানুষ ও প্রকৃতির মুক্তির জন্য কাজ করার। শীতার্ত মানুষের কষ্ট লাঘব করা আমাদের নৈতিক দায়িত্ব। গ্রীন ভয়েস শুধু পরিবেশ রক্ষায় নয়, মানবিক সংকটেও মানুষের পাশে থাকতে বিশ্বাস করে। আজকের এই উদ্যোগ হয়তো শীতের তীব্রতা পুরোপুরি কমাতে পারবে না, তবে ভালোবাসার উষ্ণতা মানুষের হৃদয়ে পৌঁছে দিতে পারবে এই বিশ্বাস থেকেই আমাদের পথচলা।
তিনি আরও বলেন, যুবসমাজ যদি মানবিকতা, পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে এগিয়ে আসে, তবে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব।
শীতবস্ত্র পেয়ে আবেগাপ্লুত এক উপকারভোগী বৃদ্ধ বলেন, এই শীতে খুব কষ্টে দিন কাটাচ্ছিল। রাতে ঠান্ডায় ঠিকমতো ঘুমানো যেত না। আজ গ্রীন ভয়েসের ভাইয়েরা যে কম্বল দিয়েছেন, এতে অনেক উপকার হবে। আল্লাহ যেন তাদের সবাইকে ভালো রাখেন।
উপকারভোগীদের মুখে হাসি ও কৃতজ্ঞতার ভাষা স্পষ্ট করে দেয় এই উদ্যোগ কেবল একটি কম্বল বিতরণ নয়, বরং মানবিকতার শক্ত বার্তা পৌঁছে দিয়েছে সমাজের প্রান্তিক মানুষের কাছে।
সবশেষে সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক শাহজাহান আলী সুমন জানান, নতুন বছরের দৃপ্ত শপথ হোক মানুষ ও প্রকৃতির মুক্তির। যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে জয়তু গ্রীন ভয়েস।
মানবিকতা, সচেতনতা ও পরিবেশ রক্ষার অঙ্গীকার নিয়ে গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি নতুন বছরের শুরুতে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকলো।
আপনার মতামত লিখুন :