Site icon হামার কুড়িগ্রাম

‘ভাইরাল তাজুর’ পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভূমিহীন ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম (তাজু)-এর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে তার হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বদরুজ্জামান রিশাদ। এ সময় তাকে বাসযোগ্য খাস জমি ও কৃষি জমি দেওয়ার ঘোষণা দেন তিনি।

এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথশিশু’র পক্ষ থেকে তাজুর জন্য ঘর নির্মাণে টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। হঠাৎ পাওয়া এই সহায়তায় আবেগাপ্লুত হয়ে পড়েন তাজু। কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম, ইউপি সদস্য কবিরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

স্থানীয়দের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন তাইজুল ইসলাম তাজু। উপজেলা প্রশাসনের এই উদ্যোগ তার জীবনে নতুন আশার সঞ্চার করেছে।

Exit mobile version