
নিউজ ডেস্ক
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ওয়ামাক ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৩০ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হলো জুজুৎসু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৫। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের ৭০টি দেশের প্রায় ছয় হাজার দুইশতাধিক ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন।
বাংলাদেশের জন্য গর্বের বিষয়—কুড়িগ্রাম জেলা সদরের কৃতি ক্রীড়াবিদ মো. আরিফুর রহমান সুমন জাতীয় দলের হয়ে ৭৭ কেজি মাইনাস ফাইটিং বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। সেমিফাইনালে কানাডার প্রতিযোগীর কাছে পরাজিত হওয়ায় তিনি ব্রোঞ্জ পদক লাভ করেন।

একই প্রতিযোগিতায় বাংলাদেশ দলের আরও খেলোয়াড়দের সাফল্যও ছিল উল্লেখযোগ্য—৬৫ কেজি মাইনাস ফাইটিং বিভাগে সরিফ উদ্দিন ব্রোঞ্জ, ৫৬ কেজি প্লাস ফাইটিংয়ে সাইফুল ব্রোঞ্জ, ৫৬ মাইনাস ফাইটিংয়ে মুক্তা আহমেদ ব্রোঞ্জ, ৫৬ প্লাস ফাইটিংয়ে নুসাইবা রহমান চতুর্থ স্থান এবং ৭৭ কেজি প্লাস ফাইটিং বিভাগে নাহিদা আহমেদ ইতু সিলভার মেডেল অর্জন করেন।

এর আগে আরিফুর রহমান সুমন ২০২২ সালের ডিসেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৬৯ কেজি ফাইটিং বিভাগে স্বর্ণপদক জিতে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন’ খেতাব অর্জন করেন। পরে ২০২৩ সালে প্যারিস প্রিক্স চ্যাম্পিয়নশিপে একই বিভাগে রানার্সআপ এবং গ্রিসের লোত্রাকিতে এক্রপলিস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক অর্জন করেন। ২০২৪ সালে গ্রিসের হেরাক্লিয়নে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তিনি তৃতীয় হয়ে তাম্রপদক লাভ করেন। বর্তমানে তিনি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ২৩তম স্থানে রয়েছেন।
আরিফুর রহমান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি গভীর ভালোবাসা। কঠোর পরিশ্রম, অনুশীলন ও সবার দোয়া-ভালোবাসার ফলেই আজ বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করতে পারছি। ইনশাল্লাহ, ভবিষ্যতেও দেশের হয়ে বিজয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”
বাংলাদেশ জুজুৎসু ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও জয়েন্ট সেক্রেটারি মুক্তা আহমেদ বলেন, “আমাদের খেলোয়াড়রা বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকাকে সম্মানিত করেছে। এ সাফল্য দেশের খেলাধুলায় নতুন দিগন্ত উন্মোচন করবে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল আসবে বলে আমরা আশাবাদী।”
আপনার মতামত লিখুন :