নাগেশ্বরী প্রতিনিধি | ৩১ আগস্ট ২০২৬
কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুলে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাহাবুর রহমান (২৪) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ।
সাজাপ্রাপ্ত মাহাবুর রহমান নাগেশ্বরী পৌরসভার গোদ্ধারের পাড় এলাকার ইছহাক আলীর ছেলে।
ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান জানান, সোমবার সকাল পৌনে ১০টার দিকে ওই স্কুলছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে কাজী মার্কেটের আজিজ সুপার মার্কেটের সামনে পৌঁছালে মাহাবুর তাকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে।
এ সময় আশপাশের লোকজন অভিযুক্ত যুবককে আটক করে বেঁধে রাখেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহাবুর রহমানকে আটক করে বিদ্যালয়ে নিয়ে আসে।
পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ বলেন, স্কুলছাত্রীকে শ্লীলতাহানির বিষয়টি প্রমাণিত হওয়ায় অভিযুক্ত যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।






