
নিউজ ডেস্ক
উলিপুর উপজেলার, বুড়াবুড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে কিশোর গ্যাংয়ের হাতে ঘটল নৃশংস হামলার ঘটনা।
বুড়াবুড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোঃ আনিছুর রহমানের ছোট ছেলে রিপন শেখ নামক এক যুবককে
মাদক কারবারে বাধা দেওয়ায় ছুরিকাঘাত ও চেইন দিয়ে বেধড়ক মারধর করেছে এলাকার কিশোর গ্যাং সদস্যরা। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভুক্তভোগী যুবক তার এলাকায় কিছু কিশোর গ্যাং সদস্যদের মাদক বিক্রি করতে দেখেন। তিনি প্রতিবাদ করলে প্রথমে গালিগালাজ শুরু হয়। পরে গ্যাং সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয় এবং লোহার চেইন দিয়ে মারধর করা হয়।
আহত যুবককে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে।
বর্তমানে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে এই কিশোর গ্যাং মাদক কারবারে জড়িত। তারা ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষকে চুপ করিয়ে রাখে। কিন্তু সম্প্রতি প্রতিবাদ করায় যুবকটি তাদের টার্গেটে পড়েছে।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং দ্রুত তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
এলাকাবাসীর দাবি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।
আপনার মতামত লিখুন :