মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, এবং “আগে গণভোট—পরে জাতীয় নির্বাচন”সহ ৫ দফা দাবি মানার আহ্বান জানিয়ে আন্দোলনরত ৮ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত রংপুর বিভাগীয় সমাবেশকে সফল করতে ভূরুঙ্গামারীতে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪টার দিকে ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূরুঙ্গামারী স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশ নেন।
মিছিলের শেষ পর্যায়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন— উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন বলেন, “জনগণের ন্যায়সঙ্গত দাবি পূরণে গণআন্দোলনের বিকল্প নেই। গণভোট ছাড়া কোনো জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না।”
মইদাম কলেজের প্রভাষক মাওলানা রুহুল আমিন হামিদী বলেন, “জুলাই জাতীয় সনদ জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন। রাষ্ট্র পরিচালনার ভিত্তি হতে হবে জনগণের মতামত।”
ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি ওমর ফারুক বলেন, “ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সর্বস্তরের মানুষের ঐক্য অত্যন্ত জরুরি। রংপুর বিভাগীয় সমাবেশ সে দিক থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
বক্তারা আরও বলেন, ৫ দফা দাবি বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং জনগণের অধিকার সুরক্ষিত হবে। একই সঙ্গে রংপুর বিভাগীয় সমাবেশকে সফল করতে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
আয়োজকদের মতে, সবার উপস্থিতি ও শান্তিপূর্ণ অংশগ্রহণে মিছিলটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

