
শাহাজাহান খন্দকার , উলিপুর
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
“বিজয়ের দাবিতে ঐক্যবদ্ধ হোন”—এই স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিজয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয় নেতাদের ছবি সম্বলিত ব্যানার হাতে নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উলিপুর শহরের কেন্দ্রীয় একটি স্থানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা।

সমাবেশে তিনি বলেন, “বিএনপি ও ছাত্র-জনতার দুর্বার আন্দোলনের ফলেই অবৈধ ফ্যাসিস্ট সরকারের পতনের সূচনা হয়েছে। আজ হাসিনা ভারতে পালিয়ে আত্মগোপনে। তবে এখানেই আমাদের সংগ্রামের শেষ নয়—এই সংকটের একমাত্র সমাধান হচ্ছে অবিলম্বে নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন।”
তিনি আরও বলেন, “উলিপুরে চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণায় জড়িত আওয়ামী লীগ নেতাদের এখনো গ্রেপ্তার করা হয়নি। আমরা এসব দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
সাবেক ছাত্রনেতা স্বপন কুমার সাহার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন—
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল, সাবেক ছাত্রনেতা ফিরোজ কবীর কাজল, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মতলেবুর রহমান মঞ্জু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, মৎস্যজীবী দলের আহ্বায়ক হামিদুল ইসলাম।
এছাড়াও সমাবেশে উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও এলাকায় ছিল প্রশাসনিক নজরদারি।
আপনার মতামত লিখুন :