Site icon হামার কুড়িগ্রাম

বাল্যবিবাহ রোধে রাজারহাটে টেকসই উন্নয়ন স্থানীয় ইউপি সদস্য ও নেতাদের সঙ্গে কর্মশালা,গণ্যমান্যদের অংশগ্রহণ

রতন রায় ।। রাজারহাট প্রতিনিধি

বাল্যবিবাহের অভিশাপ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে টেকসই উদ্যোগ জোরদার করতে কুড়িগ্রামের রাজারহাটে অনুষ্ঠিত হয়েছে বিশেষ কর্মশালা। রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে “বাল্যবিবাহ প্রতিরোধে গণ্যমান্য ব্যক্তি এবং ইউপি সদস্যদের সাথে টেকসই উন্নয়ন পরিকল্পনা” শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে একটি কার্যকর কাঠামো গড়ে তোলাই ছিল এ কর্মশালার মূল উদ্দেশ্য।

আরডিআরএস বাংলাদেশের ‘চাইল্ড, নট ব্রাইড’ প্রকল্পের আয়োজনে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং এনআরকে-টেলিথনের অর্থনৈতিক ও কারিগরি সহায়তায় এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় আলোচকরা বাল্যবিবাহের কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, বাল্যবিবাহ কেবল একটি পারিবারিক বিষয় নয়, এটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের উপর মারাত্মক প্রভাব ফেলে। দারিদ্র্যের সঙ্গে বাল্যবিবাহের সরাসরি সম্পর্ক রয়েছে।

কর্মশালায় অংশগ্রহণকারী ইউনিয়ন পরিষদের সদস্যরা বাল্যবিবাহ রোধে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা কোনো স্থানেই বাল্যবিবাহের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে অবহিত করা এবং সামাজিক সচেতনতা তৈরি করতে কার্যকরী ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।

আয়োজকরা জানান, এই কর্মশালায় গৃহীত সুপারিশ ও পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে রাজারহাট উপজেলায় বাল্যবিবাহ নির্মূলে উল্লেখযোগ্য অগ্রগতি আশা করা হচ্ছে। তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বিত প্রয়াস বাল্যবিবাহ প্রতিরোধে গতি সৃষ্টি করবে এবং শিশুবান্ধব সমাজ গঠনে ভূমিকা রাখবে।

এ ব্যাপারে আরডিআরএস বাংলাদেশের একজন প্রতিনিধি বলেন, “আমাদের লক্ষ্য হলো স্থানীয় পর্যায়ে এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে কোনো কন্যাসন্তানই বাল্যবিবাহের শিকার হবে না। এ জন্য সামাজিক সচেতনতা তৈরি ও আইনের প্রয়োগ জরুরি।”

কর্মশালায় অংশগ্রহণকারীরা মনে করেন, এই ধরনের উদ্যোগের মাধ্যমে বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যা দূর করে একটি শিক্ষিত ও উন্নত সমাজ গঠন সম্ভব হবে। এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা প্রেসক্লাব সাংবাদিক মুভি বাংলা টেলিভিশনের প্রতিনিধি- আকবর আলী, রতন রায় প্রমূখ।

Exit mobile version