মোঃ মাইদুল ইসলাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বাকপ্রতিবন্ধী দম্পতি কল্পনা বেগম ও জায়দুল। একসঙ্গে তিন সন্তান জন্ম নেওয়ায় পরিবারে আনন্দের পাশাপাশি দেখা দিয়েছে চরম আর্থিক সংকট। অসুস্থ মা ও তিন নবজাতকের চিকিৎসা, ওষুধ ও খাবারের খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবারটি।
গত ২৩ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন কল্পনা বেগম। নবজাতকদের নাম রাখা হয়েছে হাসান, হোসাইন ও বেল্লাল। জন্মের পর হাসানের ওজন ছিল ২ কেজি এবং হোসাইন ও বেল্লালের ওজন ছিল ১ কেজি ৯০০ গ্রাম করে।
পরিবারের সদস্যরা জানান, বর্তমানে কল্পনার চিকিৎসায় প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ টাকার ওষুধ প্রয়োজন হচ্ছে। পাশাপাশি তিন নবজাতকের জন্য প্রতিদিন দুই প্যাকেট ফর্মুলা দুধ কিনতে হচ্ছে, যার পেছনে খরচ হচ্ছে প্রায় ৫০০ থেকে ৬০০ টাকা। এর মধ্যে কল্পনার সিজারের কাটা স্থানে ইনফেকশন দেখা দেওয়ায় চিকিৎসা ব্যয় আরও বেড়েছে।
তিন সন্তান জন্মের ঘটনায় আনন্দিত হলেও নিজের অসুস্থতা ও পরিবারের আর্থিক অসচ্ছলতা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কল্পনা বেগম।
কল্পনা বেগম বলেন, “একসঙ্গে তিন সন্তান হওয়ায় আমি অনেক খুশি। কিন্তু আমি ও আমার স্বামী দুজনেই বাকপ্রতিবন্ধী। আমার স্বামী জায়দুল আন্ধারিঝাড় বাজারের একটি হোটেলে কাজ করেন। আয় খুবই কম। অসুস্থ অবস্থায় তিন সন্তানকে নিয়ে এখন মা-বাবার বাড়িতে আছি। বিভিন্ন মানুষের সহযোগিতায় চিকিৎসা ও সন্তানদের খাবারের ব্যবস্থা করছি। কিন্তু প্রতিদিন তো মানুষ সহযোগিতা করবে না। সরকারি বা অন্য কোনোভাবে সহযোগিতা পেলে আমার সন্তানদের জন্য অনেক উপকার হতো।”
কল্পনার মা-বাবা জানান, তারা অত্যন্ত দরিদ্র ও অসহায়। তিন নবজাতক ও অসুস্থ মেয়ের চিকিৎসা ও খাবারের খরচ বহন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সন্তানদের জীবন রক্ষা ও চিকিৎসার জন্য তারা সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, সামাজিক সংগঠন এবং বিত্তবান ও দানশীল মানুষের সহযোগিতা কামনা করেছেন।
তারা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথের কাছে সহযোগিতার আবেদন করলে তিনি ব্যক্তিগতভাবে ৩ হাজার টাকা সহায়তা করেছেন।
পরিবারটি সরকারি কোনো সহায়তা পাবে কি না—এ বিষয়ে বক্তব্য জানতে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অসহায় এই পরিবারটি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং বিত্তবান ও দানশীল ব্যক্তিদের প্রতি মা ও তিন নবজাতকের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।
সহায়তার জন্য যোগাযোগ:
কল্পনার মা: ০১৭৩০৫১৭৬৫৩
কল্পনার বাবা আবুল কালাম: ০১৭৯৫৪৯৭৫৯৮
