হামার কুড়িগ্রাম

‘বাংলাদেশে যেকোনো ছাত্র সংসদ নির্বাচন হলে শিবির জিতবে’: সিবগাতুল্লাহ

ডেস্ক নিউজ

দেশের যেকোনো জায়গায় অবাধ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে ইসলামী ছাত্রশিবির বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম পৌর টাউনহলে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা শিবিরের সভাপতি মাহমুদুল হাসান রিফাত।

দেশের প্রচলিত রাজনীতি ও ছাত্র রাজনীতির বিভিন্ন দিকের সমালোচনা করে সিবগাতুল্লাহ সিবগা বলেন, বাংলাদেশের রাজনীতির ধারা নেতিবাচক রূপ নিয়েছে। রাজনীতি বলতে অনেক ক্ষেত্রে সভা-সমাবেশ, মিছিল ও সংঘাতকে বোঝানো হয়। এই ধারা থেকে বেরিয়ে ইসলামী ছাত্রশিবির গঠনমূলক ও বিকল্প রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির শুধু একটি সাধারণ ছাত্র সংগঠন নয়; শিক্ষার্থীদের ধাপে ধাপে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সংগঠনটির নিজস্ব সিলেবাস, অনলাইন লাইব্রেরি, বিজ্ঞানভিত্তিক বিভিন্ন আয়োজন এবং মেধাবী শিক্ষার্থীদের এ-প্লাস সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।

সিবগাতুল্লাহ সিবগার দাবি, সম্প্রতি অনুষ্ঠিত পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে শিবির জয়লাভ করেছে। এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের কাছে সংগঠনটি গ্রহণযোগ্যতা তৈরি করেছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, নিজেদের প্রস্তাবনা ও শিক্ষার্থীবান্ধব কর্মসূচির মাধ্যমে শিবির সাধারণ শিক্ষার্থীদের সমর্থন পেয়েছে। দেশের যেকোনো জায়গায় অবাধ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে সংগঠনটি তাদের জনপ্রিয়তার প্রমাণ দিয়ে বিজয়ী হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা শিবিরের সভাপতি মোশাররফ হোসেন এবং সংগঠনটির সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আশিকুর রহমান।

Exit mobile version