বসতবাড়িতে পেট্রোল মজুদ: রৌমারীতে যুবককে জরিমানা


Hamar Kurigram প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৬, ৭:৩০ অপরাহ্ন /
বসতবাড়িতে পেট্রোল মজুদ: রৌমারীতে যুবককে জরিমানা

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বসতবাড়িতে অবৈধভাবে পেট্রোল মজুদ রাখার দায়ে হিরা সাহা (৩৩) নামের এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তার বাড়ি থেকে ৩০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযুক্ত হিরা সাহা রৌমারী বাজার এলাকার রিপন শাহার ছেলে।

ম্যাজিস্ট্রেট রাফিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১টার দিকে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলীর নেতৃত্বে হিরা সাহার বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে ৩টি জারকিন ও ২টি বোতল থেকে মোট ৩০ লিটার পেট্রোল উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে হিরা সাহা বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে পেট্রোল মজুদের কথা স্বীকার করেন বলে জানান তিনি।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে জরিমানা পরিশোধ করায় তাকে কারাদণ্ড ভোগ করতে হয়নি।