Site icon হামার কুড়িগ্রাম

ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট: জেলা পরিষদ প্রশাসককে নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি

ডেস্ক ‍নিউজ (তথ্যসূত্রঃ বাংলা ট্রিবিউন)

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলীয় ও ব্যক্তিগত মর্যাদাহানির অভিযোগ তুলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা গেছে, ‘Rajarhat Narrative’ নামের একটি ফেসবুক পেজ থেকে একটি পুরোনো নির্বাচনী ছবিকে কেন্দ্র করে দাবি করা হয়—কারাবন্দি র‌্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের জামিনে তদবির করেছেন বিএনপি নেতা সোহেল হোসনাইন কায়কোবাদ। তবে ওই পোস্টে উল্লিখিত দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আইনজীবী শফিকুল ইসলাম রাজারহাট থানায় জিডি করেন।

ঘটনা প্রসঙ্গে সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, নির্বাচনি প্রচারণার সময় সাধারণ ভোটারদের সঙ্গে তোলা ছবি বিকৃতভাবে উপস্থাপন করে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, “এটি আমার এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হয়েছে। বিষয়টি সাইবার ট্রাইব্যুনালে নেওয়া হবে।”

তিনি আরও দাবি করেন, প্রাথমিকভাবে পেজটির সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত বলে ধারণা পাওয়া গেছে এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি সাইবার ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট হওয়ায় জিডি গ্রহণ করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নথিভুক্ত করা হয়েছে।

Exit mobile version