Site icon হামার কুড়িগ্রাম

ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ৮২ কেজি ভারতীয় গাঁজা জব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর বেপারীটারী সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে ১৫ বিজিবি (লালমনিরহাট ব্যাটালিয়ন)। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে প্রায় ৮২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক ২ লাখ ৮৭ হাজার টাকা।

১৫ বিজিবি জানায়, কাশিপুর বিওপি-এর আওতাধীন এলাকায় মাদক পাচারের গোপন খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল দ্রুত অভিযান চালায়। অভিযানে সন্দেহভাজন চোরাকারবারিদের ধাওয়া দিলে তারা সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে যায় এবং সঙ্গে থাকা গাঁজার বস্তাগুলো ফেলে রেখে যায়। পরে সেগুলো জব্দ করা হয়।

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান,”মাদক নির্মূলে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় চোরাকারবারিদের গতিবিধি নজরদারিতে রাখা হচ্ছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “যুবসমাজকে রক্ষায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এই ধরনের সফল অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখা হবে।”

এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্তে মাদক চোরাচালান রোধে ১৫ বিজিবির এই অভিযানকে একটি উল্লেখযোগ্য সফলতা হিসেবে দেখা হচ্ছে।

Exit mobile version