
অনিল চন্দ্র রায় ।। ফুলবাড়ী
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোটাল সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক পাকা রাস্তা নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পতাকা বৈঠকের মাধ্যমে আপত্তি জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত বুধবার থেকে দফায় দফায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকে বিজিবির কট্টর প্রতিবাদে নতুন সড়ক নির্মাণের কাজ স্থগিত রেখেছে বিএসএফ।
এরপর গত বৃহস্পতিবার বিকাল ৩ টায় আবারও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খলিশাকোটাল সীমান্তে সড়ক নির্মাণকে ঘিরে উত্তেজনা দেখা দেয়। পরে ঐ দিন বিকাল সাড়ে ৫ টায় দ্বিতীয় দফায় বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে উত্তেজনাকর পরিস্থিতি স্বাভাবিক হলেও সীমান্তে বাংলাদেশের অংশে বিজিবি ও ভারতের অংশে বিএসএফ সদস্যদের সার্বক্ষণিক টহল জোড়দার করতে দেখা গেছে।
এদিকে শুক্রবার (৯ জানুয়ারী) ঐ সীমান্তে কোন ধরণের উত্তেজনাকর পরিস্থিতি না থাকলে সকাল সাড়ে ১১ টার দিকে আবারও নতুন করে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৪ এর সাব পিলার ১ এসের পাশে তৃতীয় দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নরেশ চন্দ্র রায় ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার ০৩ ব্যাটালিয়নের অধীন মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি সুনীল কুমার। বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) ১০ সদস্য ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফে ১০ সদস্য উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :