
অনিল চন্দ্র রায় ।। ফুলবাড়ী
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ৯৮ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন-এর অধীন অনন্তপুর ক্যাম্পের সদস্যরা উপজেলার নাগরাজ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে তাদের ধাওয়া করা হলে চোরাকারবারিরা সঙ্গে থাকা মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি করে ভারতীয় ইস্কাফ সিরাপের ৯৮ বোতল জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়। জব্দকৃত সিরাপের আনুমানিক সিজার মূল্য ৩৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি সত্যতা নিশ্চিত করে বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”
আপনার মতামত লিখুন :