Site icon হামার কুড়িগ্রাম

ফুলবাড়ী বাজারে পচা গরুর মাংস বিক্রি: কসাইকে জরিমানা ও ১ মাসের কারাদণ্ড

অনিল চন্দ্র রায় ।। ফুলবাড়ী

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পচা গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডসহ ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ফুলবাড়ী বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মাংস বিক্রেতা ইকরামুল হককে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন গোলাম মওদুদ আহমেদ এবং ফুলবাড়ী থানা পুলিশের সদস্যরা।

এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে স্থানীয় জনতা ফুলবাড়ী বাজারে পচা গরুর মাংস বিক্রির সময় কসাই ইকরামুল হককে হাতেনাতে আটক করে। পরে পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে অভিযোগের সত্যতা পান।

পরে জব্দকৃত পচা মাংস ম্যাজিস্ট্রেট, ভেটেরিনারি সার্জন ও পুলিশের উপস্থিতিতে জনসম্মুখে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।

দণ্ডপ্রাপ্ত ইকরামুল হক উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের ওমর আলীর ছেলে।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version