Site icon হামার কুড়িগ্রাম

ফুলবাড়ী থেকে উলিপুরে এসে ৪ কেজি গাঁজা পাচার, দুই যুবক গ্রেপ্তার

মোঃ মাইনুল ইসলাম উলিপুর

কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে উলিপুরে এসে ৪ কেজি গাঁজা পাচারের সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই মিয়াজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—ফুলবাড়ী উপজেলার গোড়ক মণ্ডল এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে সুমন ইসলাম (২০) এবং চর গোড়ক মণ্ডল এলাকার রফিকুল ইসলামের ছেলে মুরাদ হোসেন (২২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মামলার এজাহার সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে গোড়াই মিয়াজিপাড়া গ্রামের ফেরদৌস আলীর বাড়ির দক্ষিণ পাশে কাঁচা রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে তাদের ব্যবহৃত লাল রঙের অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতরে বিশেষভাবে তৈরি চেম্বার থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মোটরসাইকেলটির কোনো রেজিস্ট্রেশন নম্বর প্লেট ছিল না।

এজাহার অনুযায়ী, উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা এবং জব্দ মোটরসাইকেলের মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। মোট জব্দ আলামতের মূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযোগ, গ্রেপ্তাররা পরস্পর যোগসাজশে গাঁজা নিজেদের হেফাজতে রেখে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় উলিপুর থানায় মামলা করা হয়েছে। মামলাটি নম্বর-৭। মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কুড়িগ্রামের পরিদর্শক আবু নায়েব মোঃ কাজী নুরন্নবী।

মামলার তদন্তের দায়িত্ব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কুড়িগ্রামের ওপর ন্যস্ত করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ শওকত আলী সরকার।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version