Site icon হামার কুড়িগ্রাম

ফুলবাড়ীতে ARWO-এর উদ্যোগে ‘সুস্থ মন, সুন্দর জীবন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘সুস্থ মন, সুন্দর জীবন’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

Alliance for Rights Women Organization (ARWO)-এর আয়োজনে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে মানসিক চাপের কারণ, এর প্রভাব এবং চাপ থেকে উত্তরণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মানসিক সুস্থতা বজায় রাখতে মেডিটেশনের উপকারিতা ও সঠিক পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষক, ARWO-এর প্রতিষ্ঠাতা এবং সংগঠনটির ফুলবাড়ী উপজেলা ভলান্টিয়াররা।

আয়োজকরা জানান, ভবিষ্যতে কুড়িগ্রাম জেলার সব উপজেলার কলেজ ও মাঠপর্যায়ে স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ জন্য বিভিন্ন কলেজ কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তারা।

সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এর আগে তারা এ ধরনের সচেতনতামূলক সেশনে অংশ নেওয়ার সুযোগ পাননি। মানসিক চাপের সময়ে নিজেকে শান্ত রাখার কৌশল সম্পর্কে সেমিনার থেকে গুরুত্বপূর্ণ ধারণা পেয়েছেন। তাদের মতে, এ আয়োজন ছিল বেশ উপকারী।

কলেজ কর্তৃপক্ষও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে অন্যান্য কলেজকেও এ ধরনের কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান তারা।

সেমিনারের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল উৎসর্গ নার্সিং ইনস্টিটিউট, কুড়িগ্রাম। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতায় প্রথম পাঁচজন বিজয়ী শিক্ষার্থীর জন্য বিনামূল্যে নার্সিং শিক্ষা, নার্সিং কোচিং এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিংয়ের সুযোগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

Exit mobile version